মনিরুল ইসলামঃ
নাটোর নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে শনিবার ( ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন মাধনগর রেলওয়ে প্ল্যাটফর্মে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের ধারনা , নিহত নারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের বাসিন্দা। তিনি আত্রাই রেলওয়ে স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত মাধনগর স্টেশনে নেমে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। এছাড়া তিনি রাতের যেকোনো সময় মারা গিয়ে থাকতে পারেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিক তদন্তে শীতজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ময়নাতদন্তেরর জন্য নিয়ে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।