মুন্সিগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে টঙ্গীবাড়ী উপজেলা গেট থেকে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি টঙ্গীবাড়ী বাজার, থানা ও মডেল মসজিদসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা গেটে এসে শেষ হয়।
বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।