ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বোন বলেছেন, তাদের লড়াই থামবে না, এই লড়াই চলবে। তিনি বলেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হিসেবে আচরণ করেনি। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াতে পারবে না।
বৃহস্পতিবার বিকেলে ওসমান হাদির বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওসমান হাদি শুধু ভারতের আধিপত্যবাদের বিরোধী ছিলেন না, বরং এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতিরও তিনি স্পষ্ট শত্রু ছিলেন। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল তাঁর রাজনীতির মূল শক্তি।
অনুষ্ঠানে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও তাঁর ভগ্নীপতি আমির হোসেন।
এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির এবং ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।