আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
বঙ্গোপসাগরে টহল চলাকালে মায়ানমারে পাচার হওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ আসে যে, একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা করছে।
সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’।
অভিযান চলাকালীন কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল দূরে দুটি সন্দেহভাজন কাঠের বোট দেখতে পায় নৌবাহিনী। জাহাজটি বোটগুলোকে থামার সংকেত দিলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনী ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক বোট দুটিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৭৫০ বস্তা বাংলাদেশি ‘ডায়মন্ড সিমেন্ট’ এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, অধিক মুনাফার আশায় তারা এই সিমেন্টগুলো অবৈধভাবে মায়ানমারে পাচার করছিল।
আটককৃত ২৩ জন ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক চোরাচালান, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।