মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান ইন্তেকাল করেছেন।বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শেখ লুৎফর রহমানের ছেলে, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শান্ত বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বাদ এশা মরহুমের জানাজা নামাজের প্রস্তুতি রয়েছে। জানাজার স্থান ও দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
রাজনৈতিক জীবনে শেখ লুৎফর রহমান মুন্সিগঞ্জ জেলার আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় থেকে তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন। তার মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠককে হারালো বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।