নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার লাইভস্টক কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে জেলা শহরের রাজুর বাজার ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।
এ সময় আই.এল.এস.টি, নেত্রকোনার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ষ্ঠ সেমিস্টারের দেলোয়ার হোসেন শরীফ, শিবনাথ কুমার শিবু ও ৪র্থ সেমিস্টার আব্দুল কাদের এক লিখিত বিবৃতি পাঠ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়- ডিপ্লোমা ইন লাইভস্টক এর শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ প্রাণিসম্পদ অধিদপ্তরের বিধিমালা ২০২৩ এর ০৫ ক্যাটাগরির সাব-টেকনিক্যাল পদসমূহে “ডিপ্লোমা ইন লাইভস্টক” যোগ্যতার ভিত্তিতে নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য আন্দোলন করা হচ্ছে। বিগত সময়ে অধিদপ্তরসহ মন্ত্রণালয় এ দাবির সাথে একাত্মতা জানিয়ে আসলেও প্রজ্ঞাপন জারি না করে তাদের সাথে প্রতারণা করে।
সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৪তম গ্রেডে কর্মরত কর্মচারীদেরকে ০২টি ভিটিআই (ময়মনসিংহ ও আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা) এ ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করেছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন সিদ্ধান্ত।
অতিদ্রুত রাষ্ট্রীয় খরচে পরিচালিত ভিটিআই (VTI) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রিধারীদের একক নিয়োগ যোগ্যতা নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
তারা বিবৃতিতে আরও বলেন, এসব দাবি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আই.এল.এস.টি, নেত্রকোনার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে একাডেমিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা প্রদান করা করা হয়।