শেখ সজীব ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেনের কন্যা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেনের ও বাগেরহাটে জেলা মহিলা দলের নেত্রী লুবেনা হোসেন এবং আমিনা হাসানেরনেতৃত্বে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় তারা বাগেরহাটের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নারী সমাজকে সম্পৃক্ত করে বিএনপির আগামী দিনের রাজনৈতিক ভাবনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় নারীদের অধিকার, ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি আগামী দিনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবে।
মতবিনিময়কালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় জেলা মহিলা দলের নেত্রী লুবেনা হোসেন তাঁর বক্তব্যে বলেন,
“আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নারীর জন্য একটি করে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারী ও পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। এতে করে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করতে পারবে।”
এছাড়া বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেনের কন্যা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন তাঁর বক্তব্যে বলেন,
“বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তি বৃদ্ধি, কারিগরি ও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানো হবে। এই শিক্ষা উন্নয়নের ভিত্তি ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থাপন করে গেছেন, বিএনপি সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে।”