সূর্যোদয়ের প্রথম প্রহরেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে তারাকান্দা উপজেলাতে শুরু হয়েছে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।
গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালি জাতির গৌরবের এই দিন।
সকালে তোপধ্বনি শেষে তারাকান্দা কড়ুইতলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও দাদরা বধ্যভূমীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষে প্রশাসক আমিনুল ইসলাম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলার থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ তানবীর আহমেদসহ পুলিশ সদস্যরা শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন ধরনের উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশ।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিজয় দিবস উপলক্ষে তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ। কুচকাওয়াজে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন।
ময়মনসিংহ -২ ( তারাকান্দা-ফুলপুর) আসন হতে ধানের শীষের পক্ষে মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের অংশ গ্রহণে পরিপূর্ণ হয়ে উঠে মাঠের বিজয়ের পরিবেশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ নাজমুস সালেহীন ,কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃলুৎফর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিত লৌহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক আয়োজন ও বিশেষ দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে তারাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।