মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক, শামীম আরা রিনি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।
প্যারেড পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ।