আজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সেনবাগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে সেনবাগ পৌর শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি পাইলট হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে মডেল মসজিদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।