রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে মর্মান্তিক এক ঘটনায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে একমাত্র ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সফিক হাওলাদার (২৮)। তিনি পেশায় বেকার ছিলেন এবং পরিবারের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনবার রিহ্যাবে চিকিৎসা নিলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে যান এবং ১০ ডিসেম্বর মুক্তি পেয়ে বাড়িতে ফেরেন।
বাড়ি ফেরার পর থেকেই মাদকের টাকার জন্য বাবা হারুন হাওলাদার (৫০)-এর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন সফিক। হারুন হাওলাদার পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
সোমবার দুপুরে সফিক আবারও বাবার কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক বাবাকে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা কাঁচা মরিচ কাটার ধারালো ছুরি দিয়ে বাবা ছেলের পিঠে আঘাত করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।
নিহতের মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ও আমাদের একমাত্র সন্তান ছিল। অনেকদিন ধরে নেশায় ধ্বংস হয়ে গিয়েছিল। তিনবার রিহ্যাবে নিয়েছি, জেলও খেটেছে। বাড়ি ফিরে এসে মাদকের টাকার জন্য আমাদের দুজনকেই মারধর করত। আজ সব শেষ হয়ে গেল।”
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের জের ধরে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত পিতা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।