আক্কাস আলী, মুন্সিগঞ্জ
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আরও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।