সাইফুল ইসলাম, কলাপাড়া
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ উসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর মহিপুরে থানা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, আক্কাস হাওলাদার, নজরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজি।
এছাড়া মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হারুন মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার এবং যুবদল নেতা আক্কাস হাওলাদার।
সভায় ইউসুফ হাওলাদার বলেন, জুলাই আন্দোলনের শহিদ আবু সাইদ, মুগ্ধসহ প্রায় দুই হাজার শহিদের রক্ত এখনও শুকায়নি। এর মধ্যেই জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির ওপর হামলা করে আবারও রাজপথকে রক্তাক্ত করার অপচেষ্টা চলছে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিএনপির নেতাকর্মীরা তাদের কঠোরভাবে প্রতিহত করবে।
অন্যান্য বক্তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।