ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের শিকড় যত শক্তিশালীই হোক না কেন, তা টেনে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, তবে এটিকে কেন্দ্র করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “সরকার ও নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।”
অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে এবং কমিশন তার নিজস্ব গতিতে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। “যত বাধাই আসুক না কেন, নির্বাচন কমিশন তার লক্ষ্যে অটল থাকবে। যারা নির্বাচনের সময় অপশক্তি প্রদর্শনের চেষ্টা করবে, আইন তাদের বিরুদ্ধে তার নিজস্ব গতিতে ব্যবস্থা নেবে,” বলেন তিনি।
একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, “এই অপচেষ্টা সফল হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তার শিকড় উপড়ে ফেলা হবে। রাষ্ট্র ও আইনের শক্তি দেখানো হবে।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রয়েছে।”
এ সময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং দেশের শান্তি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য দোয়া করা হয়।