বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, তিনটি নৌকা এবং বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কাবলোতলা খালে অভিযান চালিয়ে বনরক্ষীরা তাদের আটক করে। পরে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে আটক জেলেদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
আটক জেলেরা হলেন— নূর ইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আ. রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাওলাদার (৪৫), বেল্লাল তালুকদার (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী এবং চালিতাবুনিয়া গ্রামে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে বনরক্ষীরা কাবলোতলা খালে অভিযান পরিচালনা করেন। এ সময় অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ ধরতে থাকা অবস্থায় ১১ জেলেকে আটক করা হয়।
তিনি বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় যেকোনো ধরনের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা প্রক্রিয়া শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।