আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দুটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে তারুণ্যের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী ঘোষিত ১২৫ জন প্রার্থীর তালিকায় খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
ঘোষণা অনুযায়ী, উপকূলীয় দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মো. ওয়াহিদ উজ জামানকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকায় তাকে এই আসনে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ সদর ও সোনাডাঙ্গা থানা এলাকা নিয়ে গঠিত খুলনা-২ আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে দল তার ওপর আস্থা রেখেছে বলে জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, তরুণ নেতৃত্ব, স্বচ্ছ রাজনীতি ও জনমুখী উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুলনার দুই আসনে ঘোষিত প্রার্থীরা জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।