নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধি
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সমালোচনা করলে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন।
দীর্ঘ ২৪/২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন রিপন হাসনাত আব্দুল্লাহর সমালোচনাকে ‘রাজনৈতিক অপরিণত’ আখ্যা দিয়ে তাঁকে সরাসরি ‘রাজনৈতিক শিশু’ বলে মন্তব্য করেছেন।
রিপন চ্যালেঞ্জ করে বলেন, “আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হলেও আমি রাজপথে গড়ে ওঠা রাজনৈতিক কর্মী। আমি চ্যালেঞ্জ করলাম রাজনৈতিক আলোচনা-সমালোচনা করার যোগ্যতা আপনি আমার সাথেও রাখেন না।” তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের বক্তব্য মনগড়া হতে পারে না, কারণ তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কোটি কোটি কর্মী-সমর্থককে প্রতিনিধিত্ব করেন।
সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন রিপন ব্যাখ্যা করেন, তারেক রহমান নেতাকর্মীদেরকে প্রার্থীর বদলে ‘প্রতীকের জন্য কাজ করার’ যে নির্দেশনা দিয়েছেন, তার উদ্দেশ্য হলো দলীয় বিভেদ দূর করা এবং ঐক্য সুসংহত করা। তিনি বলেন, বিএনপির হাজার হাজার যোগ্য মনোনয়ন প্রত্যাশী থাকায়, মনোনীত প্রার্থীর পক্ষে বাকিদের ঐক্যবদ্ধ করাই এখন দলের কৌশল, যা বিচার-বিবেচনা করেই হাসনাত আব্দুল্লাহর সমালোচিত বিষয়গুলো নিয়ে দল সিদ্ধান্ত নিয়েছে।