মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন।
নিহত নারীর নাম জোবায়দা বেগম (৫০)। তিনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী।
আহতদের মধ্যে আছেন—ওমপাড়ার বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী আশুদা বেগম (৫৪), আলমপুর গ্রামের মহসিন (৪৫) এবং সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকার আব্দুর মহিম (৩০)।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সার্ভিস সড়কে চলন্ত মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সামনে–সামনে ধাক্কা লাগলে তিন অটোযাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ঘটনাস্থলেই জোবায়দা বেগমের মৃত্যু হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।