মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ডাকা মিছিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অফিস ভাঙচুর এবং আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা, মৌচাক ও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান।
অপরদিকে একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকী। মনোনয়ন ঘোষণার পর থেকেই ইশরাক সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
রবিবার বিকালে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন। বিকাল সাড়ে ৩টার দিকে আমবাগান ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় তারা জড়ো হলে, পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে মুজিবুর রহমানের সমর্থকরা মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সহিংসতায় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর হয় এবং আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ইশরাক সিদ্দিকী অভিযোগ করে বলেন, “মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু মুজিবুর রহমানের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বলেন, “আমার কর্মীরা প্রচারণায় ছিলেন। হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয় এবং মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।”
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শামীম জানান, “বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”