চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির ১০২ কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার বিকেলে বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির রুহুল আমিন নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীরা জানান, তাঁরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “আমাদের রাজনীতির একটি সুস্পষ্ট ভিশন আছে। আমাদের পথ কেবল ভোটের রাজনীতি নয়—আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি করি। আসমান–জমিন সবকিছু আল্লাহর, তাই চূড়ান্ত আইনও হবে আল্লাহর। আল্লাহর বিধান বাস্তবায়ন হলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি মিলবে।”
তিনি আরও বলেন, “আমরা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না। মানবতার কল্যাণ ও সত্যের পথে থাকতে চাই। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক থেকে মুক্ত—এ দাবি আমরা করতে পারি। আসুন, আখিরাতের চিন্তা করে দুনিয়াতে শান্তির সঙ্গে বসবাস করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির রেজাউল করিম মাস্টার, জেলা ছাত্রশিবির সভাপতি সাগর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি লিটন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্ত এই কর্মী–সমর্থকেরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, “লালনভক্তরা তাদের পূর্বের কৃষ্টি–সংস্কৃতিতে ইসলামের অনুশাসন খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আল্লাহ ও ইসলামের প্রতি অনুরাগ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজকে মোট ১০২ জন আনুষ্ঠানিকভাবে সদস্য হয়েছেন।”