মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা এবং মো. মহিউদ্দিনকে প্রার্থী ঘোষণা করার দাবিতে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
রবিবার সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সদর উপজেলা, গজারিয়া উপজেলা, মুন্সিগঞ্জ পৌরসভা এবং মীরকাদিম পৌরসভার বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে দুই উপজেলা ও দুই পৌরসভার প্রায় ৭৪ জন ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দল ঘোষিত বর্তমান মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন প্রার্থী ঠিক করতে হবে। তাদের দাবি, দীর্ঘদিন দলের জন্য কাজ করা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দিলে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।
জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, তৃণমূল নেতাকর্মীদের স্বাক্ষরযুক্ত আবেদন ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। ওই চিঠিতে বর্তমান প্রার্থীতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং মো. মহিউদ্দিনকে মনোনয়ন প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ.কে.এম. ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক,
মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।