২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর ৫ হাজার সদস্যকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। রোববার সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা, সমুদ্রপথে অপরাধ দমন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় গৌরবময় ভূমিকা পালন করছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও নৌবাহিনী সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম বৃদ্ধি করছে।
এদিন মিডশিপম্যান ২০২৩ ব্যাচের ৩১ জন প্রশিক্ষণার্থী—যাদের মধ্যে ২ জন নারী—তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। অনুষ্ঠানে বিএনে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ।
কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তাদের শপথ করানো হয় এবং নৌবাহিনী প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অ্যাপুলেট পরিয়ে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।