মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে বিদ্যুৎ সরঞ্জাম তৈরির কারখানার এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর মধুমিতা রোডের আপন নীড় আবাসিক এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং ঢাকার কেরানীগঞ্জের একটি বিদ্যুৎ সরঞ্জাম তৈরির কারখানায় চাকরি করতেন।
নিহতের ছেলে নাহিদ হাসান জানান, সকালে তার বাবা অফিসে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। মধুমিতা রোডের মাথায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে টঙ্গীর একই এলাকায় ঘনঘন ছিনতাই ও ধারালো অস্ত্র হামলায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। মানবাধিকার কর্মী আসলাম মোড়ল জানান, টঙ্গীতে ছিনতাই এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বাটা গেট, মধুমিতা ও টঙ্গী বাজার এলাকায় গত দুই মাসে ছিনতাইকারীদের হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।
তিনি আরও বলেন, “দিন-রাত যেকোনো সময় ছিনতাইকারীরা হামলা চালাচ্ছে। টঙ্গীর মানুষ দ্রুত ছিনতাইকারীদের কবল থেকে মুক্তি চায়।”