মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় সেতুর উপর তারা ব্লকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
অবরোধ চলাকালে মনোনয়ন বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণার পরই মনোনয়ন বঞ্চিত মহিউদ্দিনের সমর্থকরা রাতে জেলা শহরে মির্জা ফখরুল ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ এবং মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেন।
আজকের অবরোধ সেই আন্দোলনেরই ধারাবাহিকতা বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। অবরোধস্থলে জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অবরোধের কারণে সড়কে আটকে পড়া যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে বলে জানা গেছে।