প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া এখন শুধু একটি দলের নয়—তিনি পুরো জাতির নেতা, জনগণের নেতা। তাই তাকে ঘিরে ‘মাইনাস ফোর’ নিয়ে যে কথাবার্তা চলছে, তা একটি দুষ্টচক্রের ভিত্তিহীন ও ফালতু ধারণা ছাড়া কিছুই নয়।
তিনি বলেন,
“আমরা কাউকে মাইনাস করিনি। যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারাই নিজেরাই মাইনাস হয়েছে। যারা মাইনাস ফোর বলে বেড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর।”
শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,
“যারা ব্যান্ড হয়নি তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা চাইলে নির্বাচন করবে—এটা তাদের ব্যাপার। তবে আমাদের অবস্থান পরিষ্কার—তারা স্বৈরাচারের বড় দোসর, তাদের সহযোগিতায় আওয়ামী লীগ বহু অনিয়ম-অপকর্ম করে পার পেয়ে গেছে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি আরও বলেন,
“যারা হত্যাযজ্ঞে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক। দুজনের মৃত্যুদণ্ড হয়েছে—একজন শেখ হাসিনা, আরেকজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই সরকারের পক্ষ থেকে এই দুইজনের দণ্ড কার্যকর করা হোক। তাদের আপিলের সুযোগ রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া মেনে রায় কার্যকর হোক—এটাই আমাদের দাবি।”
তিনি আরও যোগ করেন,
“যাদের হাতে রক্ত, যারা হত্যাযজ্ঞ করেছে—তাদের সবাইকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এটি শহীদদের প্রতি আমাদের দায়িত্ব, আমাদের শপথ। সামনে আমাদের হাতে প্রায় ৭০ দিন আছে। এই সময়ের মধ্যেই আমরা চেষ্টা করবো। যদি ব্যর্থ হই, পরবর্তী প্রজন্ম এটি সম্পন্ন করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, এবং মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।