মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিলের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শহর। দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যা ৬টার দিকে শহরের সুপার মার্কেট গোলচত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ঘোষিত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদকে মনোনীত করার জোরালো দাবি জানান তারা।
একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত সংশোধন না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বিক্ষোভ শুরুর আগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে মশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান নেতাকর্মীরা। পরে মশাল জ্বালিয়ে সড়কে অগ্নি সংযোগ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ–মুক্তারপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এ সময় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে মশাল মিছিল বের হয়ে সড়কের মাঝামাঝি এলাকায় অবস্থান নেয় এবং সেখানেই অগ্নিসংযোগ করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে মো. কামরুজ্জামান রতনের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।