সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃত এই তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে তাদেরকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চলছিল। বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় বিজিবির টহল দল দ্রুত অভিযান চালিয়ে শিশুসহ ওই তিন বাংলাদেশি নাগরিককে আটক করে।
আটককৃতরা কেন এবং কী উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদেরকে বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আদালতে প্রেরণ করব।’