পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নতুন ১৩ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) ক্লাবের কার্যালয়ে দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনকে পরিচয়পত্র (আইডি কার্ড) পরিয়ে দেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.মফিজুর রহমান সোহেল।
অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান সোহেল বলেন, “গলাচিপার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন, এই কমিটি সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করি নতুন নেতৃত্ব গণমানুষের কথা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে।”
এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, গলাচিপা উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সুসংগঠিতভাবে সংবাদ পরিবেশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।