মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ধাপে ধাপে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। এর অংশ হিসেবে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঘোষিত ২৩৭ আসনের পাশাপাশি বৃহস্পতিবার আরও ৩৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। নতুন তালিকা প্রকাশের পর মোট ২৭৩টি আসনে দলের প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।
মনোনয়ন পাওয়া কামরুজ্জামান রতন দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নেতৃৃত্বে যুক্ত রয়েছেন এবং মুন্সিগঞ্জে তার রাজনৈতিক ভিত্তিও শক্তিশালী বলে জানা গেছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় কর্মী–সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।