সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি’হ’ত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে গরু আনতে ভারতীয় সীমান্তে প্রবেশ করার সময় বিএসএফ টহল দলের গুলির শিকার হন তিনি।
নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, নিহত সবুজসহ কয়েকজন যুবক গরু আনতে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতীয় সীমান্তের দিকে প্রবেশ করেন।
পাটগ্রামের পঁচা ভান্ডার সীমান্তে ৫ নং ওয়ার্ডের ৫৬৪/৮৬৫ সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। অন্য সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে বিএসএফ নিহত সবুজের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর পরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে নিহত যুবকের লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই সবুজের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।