আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানায় প্রবেশকালে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বুধবার (০৩ ডিসেম্বর) ভোররাতে নাফ নদী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী অংশ থেকে তাদের আটক করা হয়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন
আটক জেলেরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সেলিম (৫০) ও উনছিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যং এলাকার অলি হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৮)।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানান, বুধবার ভোররাতে হোয়াইক্যং নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুজন জেলেকে আটক করে। তবে বাকি জেলেরা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হন।
তিনি আরও জানান, মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল, তাই আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা এখনও নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “নাফ নদী থেকে আরাকান আর্মি দুই জেলেকে ধরে নিয়ে গেছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ নেওয়া হচ্ছে।”
এর আগে গত ২৭ নভেম্বর বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ সেন্টমার্টিনের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
গত নয় মাসে নাফ নদী ও সেন্টমার্টিন উপকূল সংলগ্ন জলসীমা থেকে কমপক্ষে ৩৬০ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বিজিবির সহায়তায় গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২০০ জেলে ফেরত দেওয়া হয়। তবে, এখনো ১৬০ জন জেলে নিখোঁজ রয়েছেন।