মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল প্রায় ১০টা ৬ মিনিটে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে নিয়ন্ত্রণে আনতে আনতে রেনু মিয়া ও সিরাজ প্রধানের দুটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘরের সমস্ত আসবাবপত্র, নগদ টাকা, পোশাকসহ মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিনির্বাপক বাহিনীর পানি ছিটানোর সময় পাশের ইনসান আলী ও শুকুর আলীর বাড়িতেও আংশিক ক্ষয়ক্ষতি হয়। ফলে মোট চারটি পরিবার একসঙ্গে আশ্রয়হীন হয়ে পড়ে এবং খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান,
“খবর পেয়ে ২৭ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারত। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করছি। তবে সৌভাগ্য যে কোনো প্রাণহানি ঘটেনি।”
দুর্ঘটনায় সর্বস্ব হারানো পরিবারগুলো জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা প্রত্যাশা করছেন। স্থানীয়রা জানান, দ্রুত পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে আবার নতুন করে ঘরবসতি গড়া কঠিন হয়ে পড়বে।