মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ড্রেজার পাহারারত এক যুবককে গুলি করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাজু বেপারি (২৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, ধলেশ্বরী নদীতে বিএনপি অফিসের পিছনে ড্রেজারে পাহারার কাজ করছিলেন রাজু। এসময় ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করে। রাজু ব্যাটারি দিতে অস্বীকৃতি জানালে তারা হঠাৎ বন্দুক বা শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার রাজুর মুখে, ডান হাতে ও পিঠের ডান পাশে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢামেকে পাঠান।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “ঘটনার পর হামলাকারীরা পলাতক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নৌ পুলিশসহ আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, “ঘটনাটি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত বিস্তারিত জানানো হবে।”