পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফয়সাল পঞ্চায়েতকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ডিবি’র একটি টিম তাকে আটক করে।
দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আটক নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন।
এদিকে, সাম্প্রতিক সময়ে সরকারি খাস জমি বরাদ্দকে কেন্দ্র করে কৃষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ব্যাপক আলোচনায় ছিলেন ফয়সাল পঞ্চায়েত। অভিযোগ রয়েছে, খাস জমি এক বছরের জন্য চাষাবাদের অনুমতির নামে কৃষকদের কাছ থেকে জনপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন তিনি।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, জমি বরাদ্দের প্রক্রিয়ায় অনিয়ম, দালালি ও অবৈধ লেনদেনের বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করা হয়েছে।
চন্দ্রদ্বীপ এলাকার কৃষক মো. শাহীন অভিযোগ করে বলেন, “এক একর জমি পাঁচ হাজার টাকা দিয়া পাইছি। কেউ পাঁচ হাজার, কেউ ছয় হাজার, আবার কেউ ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়া জমি কিনছে।”
সেই ইউনিয়নের কৃষক রুহুল রাড়ি জানান, “ফয়সালের কাছ থেকে ১৫ একর জমি তরমুজ চাষের জন্য একর প্রতি ২৫ হাজার টাকা দিয়া কিনছি। তিন লাখ টাকা দিয়েছি, আরও ৭৫ হাজার টাকা বাকি আছে।”
আরেক কৃষক রাসেল হোসেন বলেন, “দুই একর জমির জন্য ফয়সাল আমার কাছ থেকে ৪৮ হাজার টাকা নিয়েছে। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।”
উপজেলা ভূমি অফিস নিশ্চিত করেছে, জমি বরাদ্দের প্রক্রিয়া নিয়মবহির্ভূত ছিল এবং রাষ্ট্রীয় কোষাগারে কোনো টাকা জমা দেওয়া হয়নি।
ওসি (ডিবি) জসিম উদ্দিন বলেন, “ডেভিল হিসেবে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে। বাউফল থানা থেকে কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”