মুন্সিগঞ্জ প্রতিনিধি
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে থানা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি টঙ্গীবাড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তী সময়ে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র সরকার নয়—নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনগণ, চালক, পথচারী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
তারা বলেন, সচেতনতা বাড়ানো, যাতায়াত নিয়ম মেনে চলা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস নিশ্চিত করা সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ। বক্তারা নিসচা’র দীর্ঘদিনের সড়ক নিরাপত্তা আন্দোলনের প্রশংসা করে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান।
নিসচা টঙ্গীবাড়ী শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সোনারং-টঙ্গীবাড়ী অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তারা মিয়া,
নিসচা টঙ্গীবাড়ী শাখার সহ সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, প্রচার সম্পাদক জসিম শেখ, সাংস্কৃতিক সম্পাদক শামিম মাঝি, প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।