সোহেল রানা, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘ ৭৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৯২ শতাংস জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।
আদালতের নির্দেশে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পরিমাপ শেষে ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি হস্তান্তর করা হয়। জমিটি ধল্লা ইউনিয়নের দক্ষিন উলাইল মৌজায় অবস্থিত।
জানা যায়, লক্ষীপুর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে দেলোয়ার হোসেন ও তার ভাইবোনদের সঙ্গে প্রতিবেশী লাল মিয়া ও তার শরিকদের জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, লাল মিয়া ও তার পূর্বপুরুষরা প্রায় ৭৫ বছর আগে জমিটি জোরপূর্বক দখল করে অন্যদের কাছে বিক্রি করেন। ফলে অনেকেই সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করেন।
বৈধ মালিকানা দাবি করে ২০০০ সালে সিংগাইর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন দেলোয়ার হোসেন। ২০১১ সালে আদালত তাদের পক্ষে রায় দেন।
পরে প্রতিপক্ষের করা আপিল ২০১৫ সালে খারিজ হয়। হাইকোর্টেও আপিল করে হেরে যান বিবাদীরা। সর্বশেষ ১৭ নভেম্বর আদালত দখলীয় পরোয়ানা জারি করলে প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, জেলা জজ আদালতের নাজির আব্দুর কাদের মোল্লা, থানা পুলিশের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি।
মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন,
“৭৫ বছর ধরে আমাদের জমি দখলে ছিল। দীর্ঘ ২৫ বছরের মামলার লড়াই শেষে আজ সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন,
“আদালতের নির্দেশনা অনুযায়ী ৩৯২ শতাংস জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।”