মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকায় রবিবার (৩০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে মিল্টন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবে-১১ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া মিল্টন মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বাসিন্দা বারেক মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে। সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ক্যাডার বাহিনী গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য কখনো অস্ত্রের মহড়া, কখনো চাঁদাবাজি কিংবা বিস্ফোরণ ঘটানো ছিল তার নিয়মিত কৌশল।
গত ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে মিল্টনের বাড়ি থেকে সাতটি তাজা ককটেল ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। সেদিন তার দুই সহযোগীকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, চর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিল্টন বিভিন্ন দেশি-বিদেশি অস্ত্র মজুত করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ৩০ নভেম্বর টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “র্যাব সন্ধ্যায় মিল্টন মল্লিককে থানায় হস্তান্তর করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।”