সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সার না পাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে বুড়িমারী ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,
যার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাতীবান্ধা অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে সার নিতে আসা ক্ষুব্ধ কৃষকরা এ বিক্ষোভ করেন।
কৃষকদের মূল অভিযোগ, চাষের মৌসুম শুরু হলেও সারের জন্য ডিলারদের কাছে গেলে প্রতিদিন তাদের ঘোরানো হচ্ছে। ডিলারদের গুদামে সার মজুদ থাকলেও তারা তা অস্বীকার করছেন এবং দাবি করছেন, তাদের কাছে কোনো সার নেই।
হাতীবান্ধা এলাকাটি ভুট্টা প্রধান হওয়ায় এখানকার ৯০ শতাংশ মানুষের জীবিকা ভুট্টা চাষের উপর নির্ভরশীল। বর্তমানে ভুট্টা, তামাক ও ধান চাষের মৌসুম শুরু হলেও সারের চরম সংকটের কারণে তারা চাষাবাদ শুরু করতে পারছেন না। সার না পেয়ে কোনো উপায় না দেখে বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় নামতে বাধ্য হন।
বিক্ষোভে অংশ নেওয়া কৃষক তোমার কান্তি রায় বলেন, “সারের জন্য ডিলারের কাছে গেলে তারা বলে সার নেই। অথচ তারা রাতের আঁধারে সার বিক্রি করে। আমরা যখন সার চাই, তখন দেয় না। এমন চলতে থাকলে আমরা কীভাবে আবাদ করব?”
প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা ঘটনাস্থলে এসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সার সরবরাহের আশ্বাস দেন। ইউএনওর আশ্বাসের প্রেক্ষিতে কৃষকরা তাদের অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, “কৃষকরা সারের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে, যার পর তারা অবরোধ তুলে নেন।”