মুন্সিগঞ্জ প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ সমাচার–এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার কার্যালয়ে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের সাংবাদিক ও সুধীজন অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সাংবাদিকতা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের নির্ভরযোগ্য সংবাদ সংগ্রহ, মানবাধিকার ইস্যুতে সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত সততার জন্য মুন্সিগঞ্জের সাংবাদিক মোঃ আনিছুর রহমান রলিনকে “কৃতী সাংবাদিক সম্মাননা পদক–২০২৫” প্রদান করা হয়। দৈনিক বাংলাদেশ সমাচার–এর সম্পাদক ও প্রকাশক ড. খাঁন আসাদুজ্জামান তার হাতে সম্মাননা পদকটি তুলে দেন।
সাংবাদিক আনিছুর রহমান রলিন বর্তমানে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচার–এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, নির্ভুল তথ্য সংগ্রহ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ধারাবাহিক রিপোর্টিংয়ের কারণে তিনি সহকর্মী ও পাঠকমহলে সমাদৃত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আনিছুর রহমান রলিন সত্য, সততা ও মানবিক মূল্যবোধকে অবলম্বন করে সাংবাদিকতার যে মানদণ্ড স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। সমাজের বৈষম্য, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলমকে আগামীর পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করছেন তিনি।
সম্মাননা প্রদান সম্পর্কে সম্পাদক ড. খাঁন আসাদুজ্জামান বলেন,
“সাংবাদিক রলিন শুধু একজন পেশাদার সংবাদকর্মী নন, তিনি সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার কাজ আমাদের প্রতিষ্ঠানকেও গর্বিত করেছে।”
সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্ব পালনে তার অবদানকে স্বীকৃতি জানিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সহকর্মী ও সুধীজন তার সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।