সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের ওই কর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এদিকে, কর্মবিরতির কারণে রোগীদের যেন অতিরিক্ত ভোগান্তিতে না পড়তে হয় সেদিকে লক্ষ্য রেখে জরুরি সেবা চালু থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।