সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-বুড়িমারী সড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন অংশ এক সপ্তাহ ধরে বন্ধ থাকার প্রতিবাদে সর্বস্তরের জনগণ আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সড়কটি সাত দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসন তা সচল করতে ব্যর্থ হওয়ায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শহরের মিশন মোড় গোল চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে লালমনিরহাট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন এবং আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন সড়কে দুটি ট্রাক উল্টে যাওয়ার পর আমরা ধারণা করেছিলাম, এক-দুই ঘণ্টার মধ্যে এগুলো অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।”
তিনি প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বলেন, “দুঃখের বিষয়, গত সাতদিন ধরে আমরা অপেক্ষা করছি, অথচ এ ‘অথর্ব প্রশাসন’ ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের যোগাযোগের একমাত্র রাস্তাটি সচল করতে পারেনি। তারা একে অন্যকে দোষারোপ আর নানা অজুহাত দেখিয়ে কেবল সময়ক্ষেপণ করছে।”
দুলু বিকল্প ব্যবস্থার অভাব এবং জনসাধারণের চরম ভোগান্তির চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জরুরি প্রয়োজনে মানুষের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল।
মহিপুর ব্রিজের ব্যারিয়ার সময়মতো খুলে না দেওয়ায় পার্শ্ববর্তী গ্রামীণ সড়কগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়েছে। ভারি যানবাহনের চলাচলের কারণে কুলাঘাট, মহেন্দ্রনগর বুড়ির বাজার ও কাজির চওড়ার রাস্তাগুলো সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তীব্র যানজটের কারণে মুমূর্ষু রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারছে না, যা মানবিক সংকটের সৃষ্টি করেছে।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনগণ অবিলম্বে সড়কটি সচল করে জনভোগান্তি দূর করার দাবি জানান।