নেত্রকোনা প্রতিনিধি :
“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপি থেকে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) আসনের মনোনীত অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের উদ্যোগে তার নির্বাচনী এলাকার বেকার তরুনদের জন্য ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম হয়। এতে নেত্রকোনা সদর ও বারহাট্রা থেকে ছয় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণের বিষয় হলো- কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং সফল হবেন, সহজে ফেসবুক থেকে উপার্জনের পুরো গাইডলাইন, কন্টেন্ট তৈরির টিপস ও ট্রিকস বিভিন্ন ধরণের এআই টুলসের ব্যবহার, কিভাবে এসএমই উদ্যোক্তা হবেন, কিভাবে শূন্য টাকায় নিজের ব্যবসা দাঁড় করাবেন।
প্রশিক্ষণ কার্যক্রম তত্ত্বাবধানকারী আবু আব্বাস ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি জিসান বলেন, বিএনপি থেকে নেত্রকোনা-২ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনা সদর ও বারহাট্টা নির্বাচনী এলাকায় জনসাধারণের কল্যাণার্থে বিভিন্ন কাজ করছেন।
তবে তরুণ তরুণীদের প্রশিক্ষিত করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জনের বিষয়টি তার সহধর্মিনী ডাঃ লুৎফা হক উদ্যোগ নিয়েছেন। এরই ফলশ্রুতিতে নেত্রকোনা সদর ও বারহাট্রা উপজেলার প্রায় ছয় শতাধিক তরুণ তরুণী রেজিস্ট্রেশন করে এতে অংশগ্রহণ করেন।
ডাক্তার লুৎফা হক বলেন, বিএনপি থেকে মনোনীত নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) আসন থেকে অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। আমিও তার পাশে থেকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি।
আজ জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে ছয় শতাধিক তরুণ তরুণীদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জনের জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অন্যতম একটি হচ্ছে বেকারত্ব। তরুণ তরুণীদের প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা হবে।
প্রশিক্ষণ কার্যক্রমের শুরুতে অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে কজ করছি। তরুণদের প্রশিক্ষিত করে দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করা ২৩ দফার অন্তর্ভুক্ত। তরুনদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এরপরও কার্যক্রম শেষে প্রশিক্ষণার্থী মতামত নেওয়া হবে। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে বেকার তরুণ তরুণীদের প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে প্রস্তুত করতে কারিগর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়ে।