মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়ায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক ২৮ নভেম্বর ( শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ উন্নয়নের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।” তিনি আরও জানান, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনভুক্ত করার পরিকল্পনা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ। তিনি তার বক্তব্যে দাবি করেন, “আওয়ামী লীগ মাঠে থাকলেও, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে।”
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নোঃ মোস্তাফিজুর রহমান শাহিন ও মোঃ সাইফুল ইসলাম আফতাব; নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু), এবং সঞ্চালনা করেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল—সাবেক সাংগঠনিক সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বিএনপি এবং নাটোর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, মহিলা দলের নেত্রী ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রতিশ্রুতি ও দিকনির্দেশনা সম্পর্কে অবহিত হন এবং দলীয় নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।