পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ জানান, ইসলাম ব্যতীত কোনো ধর্ম বা মানব রচিত আইন নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, “আল্লাহর আইনে নারী-পুরুষ কিংবা ধর্ম–বর্ণের কোনো বৈষম্য নেই। সবাই মানুষ হিসেবে সমান মর্যাদার অধিকারী।” তাই ধর্মবর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানবসৃষ্ট আইনে দেশে কখনো প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহর আইনের ভিত্তিতেই সমাজে ন্যায়, সুবিচার ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। তিনি নারী সমাজকে আগামী নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন—“নতুন বাংলাদেশ বিনির্মাণে মা–বোনরাই অগ্রণী ভূমিকা রাখতে পারে।”
সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে একটি কল্যাণমুখী, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাবেশে কালাইয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সহস্রাধিক নারী অংশ নেন।
এর আগে ড. শফিকুল ইসলাম মাসুদ কালাইয়া ইউনিয়নের রাধা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে রাধা মন্দিরের সভাপতি সুভাস মণ্ডলসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. মাসুদ বলেন, ইসলামী শাসনব্যবস্থায় প্রত্যেক ধর্মের অনুসারী নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা পাবে।
বাউফল উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দও দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে নারী অধিকার, ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতির বিষয়গুলোই সবচেয়ে গুরুত্ব পায়।