মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর মহানগর নেতৃত্বের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুর মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ছিনতাই–চুরি-ডাকাতি দমন, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নগর গঠনে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও মতামত প্রদান করেন।
নেতৃবৃন্দ জানান, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনে বিএনপি গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সভায় বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জিএমপি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া পুলিশের অঙ্গীকার। তিনি একটি নিরাপদ মহানগর গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), বিভিন্ন উপ-পুলিশ কমিশনার এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।