নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিউদ্দিন সুপার মার্কেটের ১৭ দোকান পুরে বস্মীভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার মহিউদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দেড় কোটি টাকার মালামাল ও নগদ ২৬ লাখ টাকা পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন মদন ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহযোগিতায় এর মধ্যে চারটি দোকানের মালামাল সড়িয়ে নেওয়া হয়।
মালামাল সহ পুড়ে যাওয়া দোকান গুলো হল- মনে রেখো ফ্যাশন, মনমোহন ফ্যাশন, বিশ্বাস বস্ত্রালয়, রাজলক্ষ্মী বস্ত্রালয়, রাজলক্ষী বস্ত্রালয় (২), আওফ কসমেটিক্স, রান্য বস্ত্রালয়, অনুপ ফ্যাশন, মা অর্নাক্ষ বস্ত্রালয়, মধুয়াখালী বস্ত্র বিতান, শেখ যাবের বস্ত্র বিতান, ভাই ভাই বস্ত্রালয় ও তাকিয়া বস্ত্রালয়।
মালামাল উদ্ধার হলেও ঘর পুড়ে যাওয়া দোকান গুলো হলো-সাইফুল বস্ত্রালয়, পোষাকশ্রী গার্মেন্টস, তাপস বস্ত্রালয় ও আঁখি বিউটি পার্লার।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মদন উপজেলা কেন্দ্রীয় বাজার আলহাজ্ব মহিউদ্দিন সুপার মার্কেট চারটি গল্লীতে দুই শতাধিকের বেশি দোকানপাট রয়েছে। প্রতিদিন মার্কেটে সকাল দশটার দিকে ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসায়ী কার্যক্রম শুরু করেন।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানগুলো বন্ধ থাকায় এবং কোন লোকজন না থাকায় দ্রুততম সময়ের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
এগুলো কাপরড়ের দোকান হওয়ায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ও স্থানীয লোকজনের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শেখ যাবের বস্ত্র বিতানের মালিক শেখ মোহাম্মদ হাদিস মিয়া বলেন, আদহাজ্ব মহিউদ্দিন মার্কেটের ১৩টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে আমরা রাস্তার ফকির হয়ে গেছি।
আমাদেরকে যদি সরকার সহযোগিতা করে তাহলে এই দোকানগুলোর সাথে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবে। এছাড়াও মালামাল উদ্ধার করতে পারলেও আরো চারটি দোকান ঘর পুড়ে গেছে।
মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
১৩টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আর চারটি দোকানের মালামাল সড়িয়ে নেওয়া হয়। এতে ১কোটি ৭৭লাখ টার মতো ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হয়েছে। দোকানে থাকা নগদ ২৬লাখ টাকা পুড়ে গেছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, মদন পৌর শহরের মহিউদ্দিন মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।