পটুয়াখালীর গলাচিপায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া যে অবদান রেখে গেছেন তা অনন্য। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়নের মধ্যেও তিনি মানুষের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এমন অবস্থায় দেশের মানুষের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করা নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি—আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য ভূমিকা রাখবেন।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের নেতা মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় মুসল্লিরা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম; তার দ্রুত সুস্থতা দেশের সকল গণতন্ত্রকামী মানুষেরই প্রত্যাশা।
গলাচিপায় ছাত্রশিবিরের এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহ বিরাজ করে।