মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে দেশও একটি স্বস্তির পরিবেশ ফিরে পায়।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজার এলাকায় বিএনপির ৩১ দফা দাবি ও কর্মসূচির প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সপু জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দলীয়ভাবে দোয়া করা হচ্ছে এবং সাধারণ জনগণের কাছেও দোয়া কামনা করেছেন তিনি।
তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার আরোগ্য কামনায় সবাইকে একসঙ্গে প্রার্থনায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
এসময় দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সপু বলেন, ব্যবসা-বাণিজ্যে মন্দা ও সার্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি বলেন, “নির্বাচন ছাড়া বর্তমান স্থবিরতা কাটবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে বিনিয়োগ বাড়বে, অর্থনীতি পুনরুজ্জীবিত হবে।”
এদিন প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আহলাদ হোসেন উজ্জ্বল, জেলা মহিলা দলের সভাপতি সেলিমা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু,
বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।