মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন। সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি অপরাধ দমন, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগের কথা জানান।
ওসি খালিদ হোসেন বলেন, “পূবাইল থানাকে নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল, নারীর প্রতি সহিংসতা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে। থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অপরাধ দমনে শূন্য সহিষ্ণুতা নীতির কথা উল্লেখ করে ওসি বলেন, “অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য স্থানীয়রা সরাসরি থানায় জানাতে পারবেন বলেও জানান তিনি।
এলাকাবাসীর সমস্যাগুলো সমাধানে থানা প্রশাসন নিয়মিত জনপ্রতিনিধি, প্রবীণ ব্যক্তি ও স্থানীয় কমিউনিটির সঙ্গে বৈঠক করছে। বিশেষ করে গৃহকর্মী নির্যাতন, পারিবারিক দ্বন্দ্ব, কিশোর গ্যাং, নারী ও শিশু নিরাপত্তা—এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পৃথক টিম কাজ করছে।
সবশেষে, এলাকাবাসীর উদ্দেশে ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন,
“আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। সন্দেহজনক যেকোনো তথ্য আমাকে সরাসরি জানান। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”
পূবাইলকে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ আধুনিক আবাসিক এলাকায় রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।