রাব্বিকুল ইসলাম,দুমকী প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় ইউনিয়নের শূন্য পদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলামকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগের নির্দেশনা জারি করা হয়।
স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ আগস্ট ২০২৪ ও ২২ ডিসেম্বর ২০২৪ এর পরিপত্র অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নতুন প্রশাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রীরামপুর ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
সাম্প্রতিক সময়ের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত অনেক চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি জটিলতার কারণে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়।
ফলে এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিতে হচ্ছে।শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যানও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন এবং তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাবেক কৃষক লীগ সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে দুমকী উপজেলা বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর ইউনিয়নে চেয়ারম্যান পদে শূন্যতা সৃষ্টি হয় এবং একই ধারাবাহিকতায় এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।এদিকে জেলা প্রশাসকের আদেশ পাওয়ার পর প্রেসক্লাব দুমকি, দুমকি প্রেসক্লাব, শিক্ষক সমিতি, এনজিও প্রতিনিধিরা এবং ইউনিয়ন পরিষদের সচিব নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন